×
Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে শরতের সকালে কুয়াশা, শীতের আগমনী বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

মুন্সিগঞ্জে শরতের সকালে কুয়াশা, শীতের আগমনী বার্তা

রাতের আঁধার তখনও পুরোপুরি কাটেনি। চারদিকে ঝাপসা অন্ধকারের মধ্যেই ভোরের পাখিদের কিচিরমিচির ডাক। এরই মধ্যে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্যের আলোকচ্ছটা। তবে অন্য দিনের মতো আজকের চিত্রটা একটু অন্যরকম। শরতের সকালে প্রকৃতি পাতলা চাদরে জড়িয়ে নিয়েছে সাদা কুয়াশা। এমন মুহূর্তেই যতদূর চোখ যায়, দূরের গাছপালা, পথঘাট আর নদীর ওপার, সবকিছুই যেন আবছা হয়ে ধরা দিচ্ছে। এতক্ষণ বলছিলাম নদীবেষ্টিত মুন্সিগঞ্জে শীতের আগমনী বার্তার কথা।

কুয়াশার চাদরে প্রকৃতি

প্রকৃতিতে শরৎ মানেই কি শুধু কাশফুল আর নীল আকাশ? কখনও কখনও তার সকাল আসে শিশিরের ভেজা গন্ধ আর কুয়াশা নিয়ে। সেজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, “শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি।”

ঠিক মুন্সিগঞ্জের এই সকালটাই জানান দিচ্ছে সেই অঞ্জলিরই অন্য এক রূপ। রাতের শেষ প্রহরে প্রকৃতি কতটা নিঃশব্দে বদলে গেছে। ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে হালকা কুয়াশা। নদীর ওপর দিয়ে ভেসে আসা কুয়াশায় পানির দৃশ্যও হয়েছে কিছুটা ঝাপসা। দূরের নৌকা কিংবা নদীর পাড়ের গাছপালা সবকিছুই মনে হয়েছে সাদা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে।

ঘাসের ওপর কুয়াশার বিন্দু

এরই মধ্যে আবহাওয়ার পরিমাপেও মিলেছে ঋতু বদলের আভাস। সকালে মুন্সিগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই ভোর ও সকালের দিকে প্রায় একই ধরনের তাপমাত্রা অনুভূত হচ্ছে।

তবে প্রকৃতির এই পরিবর্তন হয়তো শহুরে ব্যস্ততায় সবার চোখে পড়ে না। কিন্তু নদীর পাড়, গ্রামের পথ কিংবা ভোরের খোলা মাঠে দাঁড়ালে ঋতুর ভাষাটা স্পষ্ট হয়ে ওঠে।

/এনজেএস/এসআইএন


Logo