পাবনায় চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ এএম
পাবনার গাছপাড়া এলাকায় চুরি সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন গাছপাড়া গ্রামের রবি হোসেনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরের দিকে অজ্ঞাত পরিচয় এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় সুমনকে বাড়ির সামনের একটি দোকানের কাছে রেখে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে সদর উপজেলার বিলভাদুড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রোববার কোন এক সময় সুমনকে ধরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশ জানতে পেরেছে। তাদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
/এসআর