×
Logo

সারাদেশ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া করেসপনডেন্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহ’র মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার সময় কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়া লালন মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের সাথে করে গাড়িবহর নিয়ে মেলার মাঠে ঘুরতে আসে। মাজার থেকে বের হওয়ার সময় তিনি হামলার মুখে পড়েন। এ সময় তাকে লক্ষ্য করে একদল যুবক ডিম নিক্ষেপ করে। বহরে আসা একটি কালো রঙের মাইক্রো গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীরা মাজারের মধ্যে অবস্থান করলে কুমারখালী থানা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আমার উপর হামলা হয়েছে। আমাদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এনসিপির পাঁচজন নেতাকর্মী আহত। বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন বলেন, আমি পাবনাতে আছি। অন্যদের থেকে শুনে যতোটুকু জানতে পেরেছি, নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীসহ গান শুনতে কুষ্টিয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে এসেছিলেন। কোনো একটা ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় জনগণ তাদের গণধোলাই দেয় বলে শুনেছি।

এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা পাটওয়ারীর ওপর হামলা করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালনের মাজারে এসেছিলেন। শুনেছি, কে বা কারা ওখানে হামলা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

/এএম

Logo