×
Logo

সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্রসহ মিছিলের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন কর্তব্যরত সাংবাদিকরা।

রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান হলের সামনে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন নেতাকর্মীর হাতে প্রকাশ্যেই রামদাসহ দেশীয় ধারালো অস্ত্র দেখা যায়। 

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক অস্ত্র প্রদর্শনের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মিছিলকারীরা। তারা সাংবাদিকদের বাধা প্রদান করেন এবং একপর্যায়ে সাংবাদিকদের শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন।

সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সেই ক্ষোভের জের ধরেই রাতে পরিবহন মার্কেট থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করা হয়েছিল।

ঘটনার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সাংবাদিকদের সাথে কোনো ধরনের অসদাচরণ বা হামলায় সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএ 

Logo