×
Logo

সারাদেশ

চট্টগ্রামের নিউমার্কেটে সিডিএর হকার উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

চট্টগ্রামের নিউমার্কেটে সিডিএর হকার উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের ঐতিহাসিক নিউমার্কেট বিপণী বিতান এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে ভাসমান হকারদের উচ্ছেদ করার পাশাপাশি উন্নত বিশ্বের আদলে নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনাকারী একটি বিশেষ টিম জিপিও মোড় থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করে। 

অভিযান চলাকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নিউমার্কেট চট্টগ্রামের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শপিংমল। এই স্থাপনার চারপাশ ঘিরে কোনোভাবেই অবৈধভাবে হকারদের বসে পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।

তবে জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, উন্নত বিশ্বে যেভাবে দিনের একটি নির্দিষ্ট সময়ে নির্ধারিত কোনো স্থানে হকারদের ব্যবসার সুযোগ করে দেওয়া হয়, চট্টগ্রামে তাদের জন্য তেমনই একটি শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।

সিডিএ চেয়ারম্যানের এমন আশ্বাসের পর হকার নেতারা তার সঙ্গে একমত পোষণ করেন। অন্যত্র ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ ও নির্দিষ্ট জায়গা বরাদ্দের প্রতিশ্রুতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হকাররা স্বেচ্ছায় ফুটপাত থেকে তাদের চৌকি, মালামাল ও দোকানপাট গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেন।

/এএ 

Logo