খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামে বাড়ির সামনে মো. নাসিমুল করিম ওরফে নাসিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন বলে দাবি পুলিশের।
রোববার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসে। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
/এএন