×
Logo

সারাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন দেশ গড়তে গার্ল গাইডদের ভূমিকা রাখার আহ্বান গাজীপুরের ডিসির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন দেশ গড়তে গার্ল গাইডদের ভূমিকা রাখার আহ্বান গাজীপুরের ডিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গার্ল গাইডদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। একইসঙ্গে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে গার্ল গাইডদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (৪ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় জাতীয় ক্যাম্প এলাকায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীর্ঘ ১১ বছর পর গাজীপুরে জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন কারণে প্রতিবছর এমন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর এবার গাজীপুরে জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, সারাদেশ থেকে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়া গাইড, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনার, শিক্ষক ও অভিভাবকরা এ আয়োজনে অংশ নিয়েছেন। আগামী সাত দিন তারা বিভিন্ন বিষয়ে শিখবেন এবং নানা সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নেবেন।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশ একদিন সবুজে ভরে উঠবে এবং দেশ হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। এ লক্ষ্য বাস্তবায়নে গার্ল গাইডদেরও ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুরে এ কার্যক্রমে গার্ল গাইডরা নেতৃত্ব দেবে বলে প্রত্যাশা করেন তিনি।

এ ছাড়া সবুজ বাংলাদেশ গড়তে গার্ল গাইডদের ‘গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বানও জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এছাড়া ডেপুটি জাতীয় কমিশনার অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ থেকে ৯ অক্টোবর সাত দিনব্যাপী এ ক্যাম্পে রাজধানীসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নিচ্ছেন। প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

/এনএ 

Logo