পুত্রবধূকে চাকরি না দেওয়ায় মাঠে কলাগাছ লাগিয়ে শিক্ষকের কক্ষে তালা দিলেন দাতা সদস্য
রাজশাহী করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম
রাজশাহীর পুটিয়ায় ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে ছেলে ও পুত্রবধূকে চাকরি না দেওয়ায় মাঠে কলাগাছ লাগিয়ে শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন স্কুলের দাতা সদস্য আজাদ আলী।
জানা গেছে, ২০১৫ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এতে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়। এই মর্মে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অনুমতি রয়েছে।
এদিকে, গত ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য চিঠি দেয়। তখন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বসে ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ নামকরণ করেন। নাম পরিবর্তনের প্রস্তাব করেছিলেন প্রতিষ্ঠানে দাতা সদস্য আজাদ আলী নিজেই।
এদিকে, শনিবার বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিনে দাতা সদস্য আজাদ আলী তার লোকজন নিয়ে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। তারা বাঁশ দিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকেও বেড়া দিয়ে দেন। মাঠে কলাগাছ লাগিয়ে দেন।
এ বিষয়ে দাতা সদস্য আজাদ আলী বলেন, তিনি প্রতিষ্ঠানের একজন দাতা সদস্য। সেখানে টেকনিক্যাল কলেজ করার কথা ছিল। তার ছেলে ও ছেলের বউকে চাকরি দেওয়ার কথা ছিল। তাই তিনি জমি দিয়েছিলেন । কিন্তু এই নামে কোনো প্রতিষ্ঠান করা হয়নি। তার ছেলের বউকে চাকরিও দেওয়া হয়নি। এই জন্য তিনি তালা দিয়ে কালাগাছ লাগিয়ে দিয়েছেন।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, তিনি জমি দিয়েছিলেন, জমি এখন স্কুলের। এই দলিল শুধু আদালত বাতিল করতে পারে। যতক্ষণ দলিল আছে, ততক্ষণে তালা ঝুলানো বা গাছ লাগানো যাবে না। জমি ফেরত নিতে হলে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসতে হবে। কলাগাছ উঠানো এবং তালা খোলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি খুলে দিবে।
/এসআর