×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক চালককে কুপিয়ে হত্যা, আটক ২

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

টাঙ্গাইলে ট্রাক চালককে কুপিয়ে হত্যা, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এদিকে, এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা।  

পুলিশ জানায়, ভূঞাপুর থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশে যাচ্ছিলেন চালক রাজিব। রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় ট্রাক থামিয়ে টয়লেটে যাওয়ার জন্য নিচে নামেন তিনি। এসময় কয়েকজন দূর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী।

/এএন


Logo