×
Logo

সারাদেশ

বান্দরবানের তুমব্রু সীমান্ত থেকে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

বান্দরবানের তুমব্রু সীমান্ত থেকে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায়, অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক, লে. কর্নেল খায়রুল আলম। 

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনা হবে, এমন গোপন খবর পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে গতরাত ৯টা থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।

একপর্যায়ে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাকারবারিদের চলাচল দেখতে পায় বিজিবি। এ সময় তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা ইয়াবার চালান ফেলে রাতের অন্ধকারে আবারও তারা মিয়ানমারে পালিয়ে যায়।

পরে, ঘটনাস্থলে ফেলে যাওয়া লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান ঠেকাতেও তারা সমানভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এনজেএস/এনএ

Logo