শরীয়তপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
শরীয়তপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
শরীয়তপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোয়াইফ হোসেন এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।
পুলিশ জানায়, সকালে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু সোয়াইফ। এরপর স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রতিবেশী আবু আলেম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে শিশুটির বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, আলী আকবর শিকদারের সঙ্গে সেলিম সরদারের পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঝগড়াঝাঁটি হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটিকে হত্যার পর বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয় আলী আকবরের পরিবার।
এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আলী আকবরের বাড়িতে অগ্নিসংযোগ করে। অভিযুক্ত আলী আকবর শিকদারের ছেলে রাসেল শিকদারকে আটক করেছে পুলিশ।
/এএন