কিশোরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
কিশোরগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম রশি টানাটানি। সেই পুরোনো খেলাই যেন ফিরিয়ে আনল উৎসবের আমেজ। কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা। খেলা দেখতে আনন্দ বাজার এলাকায় জড়ো হন বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোর।
শুক্রবার বিকেলে উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এ প্রতিযোগিতার আয়োজন করে আনন্দ বাজার যুব সমাজ। আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিকেল গড়াতেই খেলার মাঠ ও আশপাশের এলাকায় বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নেয়। জয়ের লক্ষ্যে প্রতিটি দলই মাঠে নামে পূর্ণ প্রস্তুতি নিয়ে। রশিতে একসঙ্গে টান দিতে দিতে প্রতিপক্ষকে হারানোর প্রাণপণ চেষ্টা চালান খেলোয়াড়রা। একপর্যায়ে শক্তি আর কৌশলের এই লড়াইয়ে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মঞ্চে।
রশি টানাটানির প্রতিটি মুহূর্তে প্রতিযোগীদের সঙ্গে যেন খেলায় মেতে ওঠেন দর্শকরাও। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ করতালি আর উচ্ছ্বাসে উৎসাহ দেন খেলোয়াড়দের। প্রতিযোগীদের টানাটানির সঙ্গে দর্শকদের মুহুর্মুহু করতালি ও উল্লাসে সৃষ্টি হয় প্রাণবন্ত এক পরিবেশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দুই দলকে পুরস্কৃত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, আধুনিক বিনোদন ব্যবস্থার ভিড়ে রশি টানাটানির মতো ঐতিহ্যবাহী খেলাগুলো এখনো মানুষের মধ্যে আনন্দ তৈরি করে। একই সঙ্গে এসব আয়োজন স্থানীয় মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনও বাড়ায়। নিয়মিত এমন আয়োজন করা হলে গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলার ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।
/এসআইএন