চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে হত্যা
স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ এএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামের এক ফল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গার মুচির বটতলায় এ ঘটনা ঘটে।
নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি কার্পাসডাঙ্গার মুচির বটতলায় ভ্রাম্যমাণভাবে ফল বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাওনা টাকা চাওয়া নিয়ে তুচ্ছ ঘটনা ঘটে। একে কেন্দ্র করে মধুর সঙ্গে এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত লোহার শলাকার মতো একটি ধাতব বস্তু মধুর বুকে ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটপাতে সবজি ও ফল বিক্রেতার মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।
/এসআর