×
Logo

সারাদেশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে সমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে সমাবেশ

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন 'না' হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে একটি কনভেনশন সেন্টারে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে এ আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে, গাজীপুর জেলার বিভিন্ন এলাকার শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন। পরে শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। তাদের প্রধান দাবি, শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

প্রধান আলোচক পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।

প্রধান অতিথি বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে।

/এআই

Logo