বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গাড়ে আগুন দেওয়া নেত্রকোণার সেই যুবক আটক
নেত্রকোণা করেসপনডেন্ট
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
নেত্রকোণায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কেন্দুয়ার সাহিতপুর বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানদার ইব্রাহিম খলিলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।
আহত ইব্রাহিম খলিল উপজেলার চেংজানা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। অভিযুক্ত সুমন মিয়া একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে।
পুলিশ জানায়, ইব্রাহিমের মুদি দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি বোতলে পেট্রোলও বিক্রি করা হতো। গতরাতে সুমন মিয়া দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। তবে সেটা দিতে অস্বীকৃতি জানালে সুমন দোকানের সামনে রাখা পেট্রোল ভেতরে ছিটিয়ে; আগুন ধরিয়ে দেয়। এসময় আশপাশের ব্যবসায়ীরা ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ইব্রাহিমকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যায়, সুমন মিয়া বোতল হাতে নিয়ে দোকানের সামনে পেট্রোল ছিটাচ্ছেন। একপর্যায়ে তিনি আগুন ধরিয়ে দৌড়ে যান। এসময় ইব্রাহিমের শরীরে আগুন ধরে গেলে তিনি দৌড়ে দোকান থেকে বের হন।
/এসআইএন