বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, বাগেরহাট
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া ফকির মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালীতে খাবার আটকে যায়। পরে কারারক্ষীরা দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
/এনএ