×
Logo

সারাদেশ

মেহেরপুরে কওমী শিক্ষকের বিরুদ্ধে পিটিয়ে শিশু শিক্ষার্থীর পা ভাঙার অভিযোগ

মেহেরপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ এএম

মেহেরপুরে কওমী শিক্ষকের বিরুদ্ধে পিটিয়ে শিশু শিক্ষার্থীর পা ভাঙার অভিযোগ

মেহেরপুরের গাংনীতে ফজলুল উলুম কওমী মাদ্রাসার হিফজ বিভাগে পড়ুয়া ১৩ বছর বয়সী শৌয়েব আলী নামে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক দ্বীন ইসলামের বিরুদ্ধে। 

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

শিশু শিক্ষার্থী শৌয়েব গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের আব্দুল গনির ছেলে। 

ভুক্তভোগী শিক্ষার্থী শৌয়েব জানায়, মাদ্রাসায় পড়া না পারায় শিক্ষক দ্বীন ইসলাম তাকে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

শৌয়েব আলীর বাবা আব্দুল গনি বলেন, প্রথমে বিষয়টি বুঝতে পারলেও পায়ের আঘাতের গুরুত্ব বুঝতে পারেননি। পরে ছেলে হাঁটতে না পারায় গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে পায়ের গোড়ালির হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিয়া সুলতানা জানান, শিক্ষার্থীর পায়ের গোড়ালির অংশে ফ্র্যাকচার হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে পশ্চিম মালশাদহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষকদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর 

Logo