চুয়াডাঙ্গায় হাতকড়া নিয়ে আ. লীগ নেতার পলায়ন, ২ পুলিশ সদস্য আহত
স্টাফ করেসপনডেন্ট চুয়াডাঙ্গা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ এএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের হাতকড়া নিয়ে আ. লীগ নেতা আবু ছিদ্দিক মেম্বার পালিয়ে গেছেন। তাকে গ্রেফতার করতে গেলে হামলায় দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
পুলিশ জানায়, আবু ছিদ্দিককে গ্রেফতারের জন্য রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। একপর্যায়ে পুলিশের হাতকড়া নিয়েই পালিয়ে যান আবু ছিদ্দিক।
এ ঘটনায় লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।
/এসআর