চলন্ত বাসে জন্ম, শিশুর নাম রাখা হলো ‘আনাস’
স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছে আনাস এন্টারপ্রাইজ নামক একটি বাস। চলন্ত বাসে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে বাসটির নামেই—‘আনাস হাসান’। ঘটনাটি নিয়ে যাত্রী, বাস কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও আবেগঘন পরিবেশ।
জানা যায়, জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার বাসিন্দা আবিদা আক্তার ঢাকার জিরানীর একটি গার্মেন্টসে কাজ করেন। গর্ভবতী অবস্থায় গত শনিবার রাতে জিরানী থেকে আনাস এন্টারপ্রাইজের একটি বাসে করে নিজ বাড়ি বড়খাতার উদ্দেশে রওনা দেন।
গভীর রাতে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ প্রসব বেদনা শুরু হয় আবিদার। বিষয়টি বুঝতে পেরে বাসের সুপারভাইজার চালককে গাড়ির গতি কমিয়ে চালানোর অনুরোধ করেন। কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে বাসটি থামানো হয়।
পরে স্থানীয় এক ধাত্রীকে ডেকে এনে বাসের ভেতরেই সন্তান প্রসব করেন আবিদা। প্রাথমিক চিকিৎসার পর মা ও নবজাতক সুস্থ থাকায় আবারও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে বাসটি। এ সময় বাসের সুপারভাইজার যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে বাসটি লালমনিরহাটের বড়খাতা এলাকায় পৌঁছায়। পরে বাস কর্তৃপক্ষের সহায়তায় আবিদা ও তার নবজাতক সন্তানকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
বাসে জন্ম নেওয়ার স্মৃতি ধরে রাখতে সন্তানের নাম বাসের নামেই রাখেন আবিদা। নবজাতকের নাম রাখা হয় ‘আনাস হাসান’।
এদিকে, শিশুটির জন্মের খবর পেয়ে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আনাস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবিদার বাড়িতে যান বাস কর্তৃপক্ষের সদস্যরা। এ সময় তারা নবজাতকের জন্য দোলনা, বেডসেট, সাবান, ক্রিমসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন।
বাস কর্তৃপক্ষ এই ঘটনাকে তাদের জন্য স্মরণীয় এক মুহূর্ত হিসেবে দেখছেন।
/এসআর