×
Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে মিম আক্তার (৩) ও আফরিন আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। স্থানীয়রা জানান, দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার বাড়ির পাশে একসঙ্গে খেলছিল।

একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই শিশু। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

একসঙ্গে খেলতে গিয়ে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

/এনএ

Logo