×
Logo

সারাদেশ

পঞ্চগড়ে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

পঞ্চগড়ে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় জেলা শহরের তুলারডাঙ্গা এলাকায় নিচু জমি থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ইসলাম ফ্লাওয়ার মিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে বসবাস করতেন। পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে রেজা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তুলারডাঙ্গা এলাকায় একটি নিচু জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি ও ক্রাইম সিনের আলামত সংগ্রহ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদসহ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে রেজার ঝগড়া হয়েছিল।

রেজার স্ত্রী কোহিনুর বেগম বলেন, প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে বাড়ি ফিরতেন রেজা। মঙ্গলবারও ওষুধ খেয়ে বাড়ি ফেরার পর অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। এ নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়। রাত ১২টার দিকে রেজা বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে তার মৃত্যুর খবর পান তারা। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা জানেন না বলে জানান কোহিনুর।

তবে রেজার বাবা মোস্তফা কামালের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, ওই ব্যক্তির মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনএ 

Logo