×
Logo

সারাদেশ

পূর্বাচলে অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

পূর্বাচলে অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৯ নম্বর সেক্টর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মুদ্দাসির নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের একটি নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুদ্দাসির আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া এলাকার হারুন উর রশিদের ছেলে।

নিহতের চাচাতো ভাই জানান, বুধবার ভোরে আড়াইহাজার থেকে অটোরিকশায় কাপড় বোঝাই করে রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে নিয়ে আসার পথে নিখোঁজ হন মুদ্দাসির। তার খোঁজ করছিল পরিবার। এরপর সকালে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরে তার মরদেহ পাওয়ার খবর পান তারা।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মুদ্দাসিরকে হাত-পা বেঁধে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে একটি ফাঁকা প্লটের ঝোপের ভেতরে থাকা নর্দমায় হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এএম

Logo