নওগাঁয় আবারও বাস চালক ও শ্রমিকদের কর্মবিরতি, সব রুটে যোগাযোগ বন্ধ
নওগাঁ করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
বাস চালকদের ওপর দফায় দফায় মারধর ও হামলার প্রতিবাদে নওগাঁয় আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাস চালক ও হেল্পাররা। এর ফলে জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরবর্তীতে নজিপুর এলাকায় এক বাস চালক ও সুপারভাইজারকে মারধর করেন সিএনজিচালকরা। ওই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন।
পরবর্তীতে এ বিষয়টি নিরসনে স্থানীয় প্রশাসনের সঙ্গে শ্রমিক ও মালিক নেতাদের কয়েক দফা ফলপ্রসূ বৈঠকের পর গতকাল সকাল থেকে জেলার সবকটি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছিল। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। অভিযোগ উঠেছে, গতকাল নওগাঁর বদলগাছী এলাকায় আবারও এক বাস চালককে মারধর করেন ক্ষুব্ধ সিএনজিচালকরা।
এই ধারাবাহিক হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে আবারও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন বাস চালক ও হেল্পাররা। ফলে সকাল থেকেই একে একে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। টার্মিনালগুলোতে বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আকস্মিক ধর্মঘটের কারণে গন্তব্যে বের হওয়া সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান বা বিকল্প উপায়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
/এএ