গোপালগঞ্জে পরিত্যক্ত ধানের মিলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
গোপালগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইমাম রেজা উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।
স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ তাদের।
এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
/এএন