কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, টেকনাফে যুবক আহত
স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন টেকনাফে বজ্রপাতে মোহাম্মদ আলম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় ডায়াবেটিস মার্কেট থেকে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম। এ সময় এলাকায় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, টেকনাফে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ আলম নামে এক যুবক। মঙ্গলবার দুপুরে উপজেলার ডেগিলার বিল এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন তিনি।
বজ্রপাতে আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বজ্রপাতে মোহাম্মদ আলমের পেটের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
/এনএ