কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ
কক্সবাজার করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন ছাত্রদলের এক শীর্ষ নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নেতার নাম ইসফাতুল ইসলাম জিসান। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকায় অবস্থান করছিলেন জিসান। এ সময় একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাসযোগে এসে প্রকাশ্যে তাকে জোরপূর্বক তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
অপহরণের প্রায় চার ঘণ্টা পর মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করলে স্বজনরা সেটি নিখোঁজ জিসানের বলে শনাক্ত করেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে তীব্র আঘাত ও মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে নির্জন স্থানে অমানবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক বিরোধের যোগসূত্র মেলেনি। পুলিশের ধারণা, ব্যক্তিগত কোনো শত্রুতা কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত গভীর দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এএ