×
Logo

সারাদেশ

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানা সিলগালা করল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানা সিলগালা করল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

চট্টগ্রামের বহদ্দারহাটে জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল ঘি কারখানার সন্ধান পেয়ে তা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় পরিচালিত বিশেষ ভেজালবিরোধী তদারকি অভিযানে এই নকল কারখানার সন্ধান পায় সংস্থাটির টিম। অভিযানে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পাম অয়েল এবং কৃত্রিম ক্ষতিকর টেক্সটাইল রঙ মিশিয়ে সেখানে তৈরি করা হচ্ছিল তথাকথিত গাওয়া ঘি। এছাড়া ভোক্তাদের প্রতারিত করতে পণ্যের গায়ে সরকারি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলও হুবহু নকল করে ব্যবহার করা হচ্ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফায়েজ উল্যাহ জানান, অভিযান দলের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে অধিদফতরের শুনানির মাধ্যমে মালিকের বিরুদ্ধে যথাযথ ফৌজদারি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে একই অভিযানে মোড়কীকরণ নীতিমালা না মানা, অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সংশ্লিষ্ট এলাকার আরও ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করে অভিযান পরিচালনাকারী দল।

/এএ

Logo