×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, গত ৩০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর সফু সরকারের লোকজন এলাকা ছেড়ে চলে যায়। এর জের ধরে সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কয়েকজন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে। এছাড়া, ঘটনার তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। 

/এএন 



Logo