লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রীর প্রাণহানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম।
নিহত ও আহতরা সবাই ব্যবসায়ী। তারা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি চলন্ত ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে ট্রাকটি একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও সাতজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
/এনজেএস