জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেফতার
জামালপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।
এর আগে গতকাল শনিবার রাতে রশিদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল হাসান সোহাগ সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক। তিনি একই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
গোয়েন্দা পুলিশ জানায়, মোটরসাইকেল চুরি মামলায় রিমান্ডে থাকা চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকা থেকে রবিউল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়। চোরচক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে সোহাগের নাম উঠে আসে। চক্রটির সদস্যরা পুলিশকে জানিয়েছেন, চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন সোহাগ।
এ বিষয়ে জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব বলেন, 'আমরা তার বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।'
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, চোরচক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, গ্রেফতার সোহাগকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরি বন্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ও কার্যক্রম চলমান থাকবে।
/এমএইচআর