×
Logo

সারাদেশ

রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহী করেসপনডেন্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আব্দুল বারী। তিনি ওই এলাকার বদরুল্লাহর ছেলে। 

স্থানীয়রা জানান, বহিরাগত কিছু যুবক বাকীর মোড় এলাকায় কয়েকদিন ধরে মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে ওই যুবকদের সঙ্গে বারীর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। শনিবার গভীর রাতে প্রায় ৫০ জনের মতো যুবক এসে বাসা থেকে আব্দুল বারীকে ডেকে নিয়ে যায়। সেখানেও কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। 

এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পরিবারের সদস্যরা এখনও থানায় মামলা করতে আসেনি। নিহত বারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। মামলা না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই হত্যাকাণ্ড কী নিয়ে হয়েছে। তবে আমিও শুনেছি মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্রকে এই হত্যাকাণ্ড। তারা মামলা দায়ের করলে বোঝা যাবে। 

/এসআর 

Logo