খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল ছোট্ট মেয়ে
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম
বাজারের একটি খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এল ছোট্ট মেয়েটি। হাতে রুটি ও চা। কাছে গিয়েই বাবার মুখে খাবার তুলে দিতে শুরু করল সে। সারারাত না খেয়ে থাকা বাবাকে নিজের হাতে খাওয়ানোর সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক যুবকের ধারণ করা ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করার অভিযোগ ওঠে অনিক সরদার নামের এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
পরদিন সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে সেখানে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। বাজারে এসে দূর থেকেই বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। এরপর একটি দোকান থেকে রুটি ও চা কিনে বাবার কাছে যায়। নিজের হাতে বাবার মুখে খাবার তুলে দেয় মেয়েটি।
ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় থাকা বাবার মুখে মেয়েটি রুটি তুলে দিচ্ছে। এ সময় আশপাশে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে ছিলেন।
স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে সেখানে থাকা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আরেক বাসিন্দা আবদুর রহিম বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা তারা দেখেছেন, সেটি তাকে স্পর্শ করেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল নয়টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
এ বিষয়ে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।
/এমএইচআর