বাগেরহাটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে ও পানের বরজে আগুন
স্টাফ রিপোর্টার, বাগেরহাট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
বাগেরহাটের মোল্লাহাটে পান বরজের পাশ থেকে মুসলিমা খাতুন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুসলিমা খাতুন কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের এক ব্যক্তির বসতবাড়ি ও পানের বরজে আগুন দিয়েছে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে কচুড়িয়া গ্রামের একটি পান বরজের পাশে বস্তার মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম মুঠোফোনে জানান— শিশুটিকে কী কারণে এবং কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির বাড়ি আগুন দিয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ বিষয়ে তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করতে একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে বলে জানান এসপি।
/এমএইচআর