যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ইজিবাইকের ড্রাইভারসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। একজন ইজিকাইক চালক ও অপরজন ইজিবাইকের যাত্রী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় ইজিবাইক চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জমান জানান, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এমএইচআর