×
Logo

সারাদেশ

মানিকগঞ্জে উল্টোপথে আসা বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

মানিকগঞ্জে উল্টোপথে আসা বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবালয় উপজেলার পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া আক্তার (২৬) ও তার দশ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। 

নিহত সোনিয়ার স্বামী টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী হিসাবে কর্মরত আছেন। তিনি জানান, ৭ দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন তিনি। 

টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিন থেকে দ্রতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় মা-মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রথমে সনিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিরও মৃত্যু হয়।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ জানান, গোল্ডেন পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে, এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

/এএন


Logo