নাটোরে শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে মামলা, কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
নাটোরে সাত বছরের এক শিশুর ডান হাতের শাহাদাত আঙুল কেটে ফেলার অভিযোগের মামলায় পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গ্রেফতারের পর কঠোর গোপনীয়তায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে নাটোর শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলনের পরিবার এবং তাদের ভাড়াটিয়া পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল শাকিল হোসেন পারিবারিকভাবে পিকনিকের আয়োজন করে। সেখানে ওই কনস্টেবলের চার বছর বয়সী মেয়ের সঙ্গে বাড়ির মালিক মিলনের ছেলের ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়।
পরদিন বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে পুলিশ কনস্টেবল শাকিল বাসায় ফিরে শিশুটিকে জোর করে তার বাসায় নিয়ে স্ত্রী নাছরিন সুলতানার সহযোগিতায় খাটের পায়ার ওপর হাত রেখে ধারালো বটি দিয়ে শিশুটির ডান হাতের শাহাদাত আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কনস্টেবল শাকিল পরিবারসহ পালিয়ে যায়। এরপর তাকে নিয়ে প্রথমে নাটোর জেনারেল হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শিশুদের কর্মকাণ্ড নিয়ে বড়দের প্রতিক্রিয়ার বিষয়টিকে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।অন্যদিকে মৌখিকভাবে ওই কনস্টেবল অভিযোগ করে জানান, ওই শিশুটি তার মেয়েকে যৌন নিপীড়ন করেছে। তবে তার এই অভিযোগের সত্যতা মেলেনি। এ ঘটনায় কোনো মামলাও দায়ের হয়নি।
/এসআইএন