মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ
সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ এএম
মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর হাত-পা বেঁধে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে ভুক্তভোগী ওই নারী উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বর মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে বের হন। এ সময় ওত পেতে থাকা মুখোশধারী অজ্ঞাত পরিচয়ের ৫ ব্যক্তি তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে কৃষিজমিতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
পরে কাপড় ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে, চোখ-মুখসহ শরীরে শুকনা মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। পরে গৃহবধূর চিৎকার শুনে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্যানুযায়ী, অভিযুক্তদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনার পর ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নারী। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
/এসআর