×
Logo

সারাদেশ

বিনামূল্যে মদ না দেওয়ায় আগুন: ৫ দিন পর নরসিংদীতে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেফতার ২

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম

বিনামূল্যে মদ না দেওয়ায় আগুন: ৫ দিন পর নরসিংদীতে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেফতার ২

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ৫ দিন পর মারা গেলেন লাইসেন্সধারী দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বি (৩০)। এ ঘটনায় জাহাঙ্গীর সরকার (৬০) ও কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (৩০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মূল অভিযুক্ত পলাতক জাহিদ সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকার্ত পরিবারসহ এলাকাবাসী এ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে গত শনিবার দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশীয় মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায় হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন। এতে কাউন্টারের ভেতরে থাকা কর্মচারী রাব্বি দগ্ধ হলে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের ৫ দিন পর বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন রাব্বির মা মিনু বেগম।

/এসআইএন


Logo