নেত্রকোণায় মাদরাসাশিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, বিচার দাবি
নেত্রকোণা করেসপনডেন্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
নেত্রকোণার এন আকন্দ কামিল মাদরাসায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক এহসানুল হকের বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অভিযুক্ত এই শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে বুধবার এই মাদরাসার এক শিক্ষার্থীকে প্রভাষক এহসানুল হক কর্তৃক ধর্ষণ চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জানাযায়, গত ২০ আগস্ট মাদরাসার একটি কক্ষে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করেন প্রভাষক এহসানুল হক। এরপর ঘটনাটি ধামাচাপা দেয় মাদরাসা কর্তৃপক্ষ। বুধবার ধর্ষণ চেষ্টার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তোলপাড় শুরু হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অনার্স বিভাগের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক অভিযুক্ত মো. এহসানুল হকের এই নিন্দনীয় ঘটনার পরও কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
/এসআর