×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু ৩৫ ঘণ্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু ৩৫ ঘণ্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বাজার থেকে ছিনতাই হওয়া ১১ মাস বয়সী এক শিশুকে দীর্ঘ ৩৫ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নিঃসন্তান দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার বিস্তারিত তুলে ধরেন। গ্রেফতারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের সুজিআরা বেগম এবং তার দ্বিতীয় স্বামী মানিকুজ্জামান। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে রুবেল হোসেনের ১১ মাস বয়সী শিশুপুত্র নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যায় তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরিহিত সুজিআরা বেগম হঠাৎ শিরিনের কোল থেকে জোরপূর্বক শিশুটিকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই শিশুর বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে অভিযানে নামে পুলিশের একাধিক চৌকস দল। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ৩৫ ঘণ্টা পর মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশু নাফিজকে উদ্ধার এবং অভিযুক্ত দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, অভিযুক্ত দম্পতি নিঃসন্তান ছিলেন। নিজেদের কোনো সন্তান না থাকায় সন্তান লালন-পালনের তীব্র আকাঙ্ক্ষা থেকেই তারা শিশুটিকে অপহরণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। শিশুটিকে বিক্রি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য তাদের ছিল না। তবে এটি দণ্ডনীয় অপরাধ হওয়ায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘মনুষ্য অপহরণ’ মামলা দায়ের করা হয়েছে।

/এএ 

Logo