×
Logo

সারাদেশ

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় এক মাদরাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার দায়ে মিরাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে আসামির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ভুক্তভোগী কিশোরী। এ সময় মিরাজ শেখ কৌশলে তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করেন।

কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসছে বুঝতে পেরে তাকে ছেড়ে দেন আসামি। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায় কিশোরী। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে নগরকান্দা থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মিরাজ শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

/এনএ

Logo