×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত সহকারী উপপরিদর্শক বদরুজ্জামান ও কনস্টেবল নাজমুল হাসান শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন জানান, এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন কাজে সহায়তার জন্য তার নেতৃত্বে ৮-৯ জন পুলিশ সদস্য গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যান। দাফন শেষে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় ওয়ারেন্টমূলে মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিদের নিয়ে শ্যামনগর থানার উদ্দেশে রওনা হলে পথে ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে ছিনিয়ে নেয়।

হামলায় চার পুলিশ সদস্য আহত হন বলে জানান পিয়ার উদ্দিন।

এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ও তার বাবাসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এনএ 

Logo