×
Logo

সারাদেশ

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সিনথিয়া আক্তার ওই গ্রামের সনজু মিয়ার মেয়ে।

কামারপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল মাজেদ বাবু স্বজনদের বরাত দিয়ে বলেন, সোমবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল সিনথিয়া। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে কামড় দেয়। এতে শিশুটি রক্তাক্ত ও গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের পাশাপাশি শিয়ালেরও চলাচল রয়েছে। এতে শিশুদের পাশাপাশি সব বয়সী মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন।

এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উত্তর হাটবামুনী এলাকা পরিদর্শন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রওজাতুন জান্নাত। তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

স্থানীয়দের দাবি– শুধু ঘটনাস্থল পরিদর্শন নয়, বেওয়ারিশ কুকুরের উপদ্রব ও জলাতঙ্কের ঝুঁকি বিবেচনায় নিয়ে এলাকায় নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় টিকাদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

ইউএনও মিজ রওজাতুন জান্নাত বলেন, কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে। একই সঙ্গে, এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

/এএম

Logo