×
Logo

সারাদেশ

বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে হামলা ও ককটেল বিস্ফোরণ

বাউফল করেসপনডেন্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে হামলা ও ককটেল বিস্ফোরণ

পটুয়াখালীর বাউফলে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন খানের বাউফলে আগমন উপলক্ষে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে একটি জনসমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে আসন্ন বাউফল পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসেবে রিয়াজ হোসেন খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষণা শেষে তার নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে ওই শোভাযাত্রায় অংশ নেওয়ার অভিযোগে স্থানীয় কার্তিক ও রুবেল নামের দুই ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয়। হামলাকারীদের অভিযোগ, কার্তিক ও রুবেল নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তারা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিয়াজ হোসেনের পক্ষে মোটরসাইকেল মহড়ায় অংশ নিয়েছিলেন।

পরবর্তীতে রাত ৯টার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠসহ অন্তত চারটি স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ হয়ে যায় এবং পথচারীদের মধ্যে দিগ্বিদিক ছোটাছুটি শুরু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকট শব্দে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এটি ককটেল বিস্ফোরণ নাকি অন্য কোনো পটকা বা আতশবাজির শব্দ ছিল, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারধরের ঘটনায় ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

/এএ 

Logo