×
Logo

সারাদেশ

গাইবান্ধায় লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ৯

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

গাইবান্ধায় লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ৯
গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে একটি শিয়ালের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ শিশু ও নারীসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়রা দীর্ঘ চেষ্টায় শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই এটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক হামলা চালাতে শুরু করে। শিয়ালের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ কয়েকজন আহত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় শিয়ালটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় আতঙ্ক আরও বেড়ে যায়। দীর্ঘ চেষ্টার পর স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

আহতরা হলেন— জিগাবাড়ী গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), ইয়াকুব আলীর ছেলে এনামুল হক (২৬), আব্দুল আহাদ আলীর মেয়ে আয়শা আক্তার (৩) এবং আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)।

এ ছাড়া একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের জমশের আলীর স্ত্রী নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৭০), আব্দুল হান্নান মিয়ার স্ত্রী আফরুজা বেগম (৩৭) এবং শফিউল ইসলামের ছেলে শাওন মিয়া (৬) আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, ‘শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।’

এদিকে, শিয়ালের হামলার ঘটনায় জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, তিস্তা নদীর চরবেষ্টিত জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে দিন-রাত শেয়ালের উপদ্রব দেখা যায়।

/এমএইচআর

Logo