কুড়িগ্রামে লাইনে দাঁড়িয়ে সার না পেয়ে মহাসড়ক অবরোধ কৃষকদের
কুড়িগ্রাম করেসপনডেন্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ার ক্ষোভে কুড়িগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন কৃষকরা। এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা সার ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ তুলে একটি এলাকায় ডিলারকে ধাওয়া করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকায় অবস্থিত বিসিআইসি ডিলার মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমানের পয়েন্টে এ ঘটনা ঘটে।
কৃষকদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও ডিলার পয়েন্টে সার বিতরণে অস্বাভাবিক কালক্ষেপণ ও গড়িমসি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শত শত কৃষক সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে সড়কের দুই পাশে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে কিছু সময়ের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে কৃষকেরা অভিযোগ করেন, নির্ধারিত ডিলাররা কৃষকদের কাছে সার বিক্রি না করে রাতের আঁধারে তা কালোবাজারিদের কাছে পাচার করে দিচ্ছেন। এর ফলে স্থানীয় খুচরা দোকানগুলোতে কৃষকদের কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা বাড়তি দরে সার কিনতে হচ্ছে।
এদিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নেও একই দাবিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সার না পেয়ে স্থানীয় এক ডিলারকে ধাওয়া করেন বিক্ষুব্ধ কৃষকরা।
খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের দাবি মেনে সুষ্ঠুভাবে সার সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
/এএ