ঝিনাইদহে সাপের কামড়ে ওহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওহিদুল ইসলাম নিজের ড্রাগন ফল বাগানে কাজ করতে যান। বাগান সুরক্ষায় দেওয়া নেটে পেঁচিয়ে থাকা একটি সাপ তার পায়ে কামড় দিলে তিনি দ্রুত বাড়িতে ফেরেন। এরপর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নেন। ওঝার ঝাড়-ফুঁকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওহিদুলকে যশোর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার নওদা গ্রামে ওহিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
/এএম