×
Logo

সারাদেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যায় বিচারের দাবিতে বিক্ষোভ

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যায় বিচারের দাবিতে বিক্ষোভ

মেসে মিল না দিয়ে কাউকে না জানিয়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

বক্তারা বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মব জাস্টিসের পক্ষে নন বলেও মন্তব্য করেন তারা।

জানা গেছে, এই হত্যার ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চারজনের নাম উল্লেখ করে হরিণটানা থানায় মামলাটি করেন নিহতের বাবা কুতুব উদ্দিন। এতে অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততার খবর এসেছে। পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান বলেন, বেশ কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমল হোসেন। বিশ্ববিদ্যালয়ের পাশের মেসে থাকতেন তিনি। শুক্রবার মেসে অন্য এক সদস্যের ভাত খেয়ে ফেলার অভিযোগ ওঠে। একপর্যায়ে মেসের কয়েকজন সদস্য আজমলকে ভবনের ছাদে নিয়ে মারধর করেন। পরে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

এ সময় আজমলের হাত-পা সহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। কাটা ছিল মাথার চুলও। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এসআইএন


Logo