×
Logo

সারাদেশ

মানিকগঞ্জে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট,মানিকগঞ্জ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

মানিকগঞ্জে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ঘরের ভেতর থেকে স্ত্রী ও শিশুসন্তানসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জান্নাকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ইকরাম মোল্লা, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং দেড় বছর বয়সী শিশুকন্যা অ্যালিজা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘরের ভেতরে ইকরামের স্ত্রী ও সন্তানের মরদেহ পড়ে ছিল। আর ইকরামের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ওসি আরও জানান, শিশু সন্তান ও স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ইকরাম কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি। 

ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

/এনএ  

Logo