ঝিনাইদহে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, নারী কারাগারে
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলায় দায়ের করায় বিউটি খাতুন (৪৫) নামে এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, আদালতে অভিযোগটি প্রমাণিত না হওয়ায় তা খারিজ করে দিয়েছেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল মিথ্যা মামলার বাদী বিউটিকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার বিউটি জেলার শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সাথে ঝিনাইদহের স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরোধ চলে আসছিলো। এর জেরেই বিউটি ব্যবসায়ী মিরাজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলা দায়ের করেন।
তবে ওই ঘটনার জেরে ব্যবসায়ী মিরাজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাল্টা পিটিশন দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারার পাল্টা মামলায় বিউটি খাতুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে বিউটি খাতুনকে গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার ওই নারীকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
/এসআর